দার্শনিকের স্বাস্থ্য অনুসন্ধান
মূল: রেনে দুবো (René Dubos) | ভাষান্তর: প্রফেসর ডা. মো. রুহুল ফুরকান সিদ্দিক
মানুষের রোগ থেকে রেহাই পাওয়ার সহজ উপায় হলো যুক্তিসংগতভাবে বসবাস করা—এটাই হিপোক্রেটাসের শিক্ষা। এ মতবাদকে যৌক্তিক উপসংহারে নিয়ে কিছু সামাজিক দার্শনিক বিশ্বাস করেন যে, একটি সুশাসিত সমাজে চিকিৎসকের চাহিদা খুব বেশি হয় না। প্লেটো তার ‘রিপাবলিক’ গ্রন্থে লেখেন যে, অনেক হাসপাতাল এবং চিকিৎসকের প্রয়োজনীয়তা একটি খারাপ নগরীর পরিচায়ক চিহ্ন। সর্বাধিক চিকিৎসক শুধু ক্ষতস্থানের চিকিৎসা এবং মহামারির জন্য সর্বাধিক সংখ্যক চিকিৎসক ব্যবহৃত হতে পারে। আলস্য এবং অসংযত খাদ্যের মাধ্যমে উৎপন্ন রোগের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসক লাগতে পারে। এসক্লিপিয়াসের দক্ষ ছেলেদের রোগের নতুন নতুন নাম যেমন শোথ, শ্লেষ্মা সর্দি ইত্যাদি নানা নামে ডাকাকে তুমি কি জঘন্য মনে করো না?—প্লেটো প্রশ্ন করেন। রোম সম্রাট টাইবেরিয়াস একই মুডে ঘোষণা করেন—ত্রিশ বছর বয়সের পর যে কেউ একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন, তিনি একজন বোকা, কারণ তিনি তখন পর্যন্ত তার জীবনকে সঠিকভাবে বহিস্থ সাহায্য ছাড়া নিয়ন্ত্রণ করতে শিখেননি। সত্যিকার অর্থে দৃষ্টিভঙ্গি ছিল, যে পীড়িতকে সাহায্য বা সেবা করা, সমাজকে স্বাস্থ্য রক্ষার জন্য সাহায্য করার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ এবং এটাই ছিল দার্শনিকদের পুনরাবৃত্ত ভাবনা। প্রাচীন চীনের কিংবদন্তি শাসক হলুদ সম্রাটের দ্রুপদী লেখায় জানা যায় ‘প্রাচীন ঋষিরা (Sages) ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসা না করে—তারা পরামর্শ দিতেন তাদের যারা এখনো অসুস্থ নয়। ঊর্ধ্বতন চিকিৎসকরা রোগের ডালপালা ছড়ানোর আগেই ইতোমধ্যে শুরু হওয়া রোগের চিকিৎসা দিতেন।’ একই দৃষ্টিতে দুই হাজার বছর পর ফরাসি রোমান্টিক নাটকে (Cyrano de Bargerac) চিকিৎসা বিজ্ঞান অনুশীলিত হয় কল্পলোকে যেখানে ‘প্রতিটা ঘরে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একজন থাকতেন, যাকে অনেকটা ডাক্তার বলেই ডাকা হতো; কিন্তু তিনি শুধু সুস্থ ব্যক্তির চিকিৎসা দিতেন।’
প্রাকৃতিক নিয়মের যথাযথ আচরণ প্রদর্শনে ব্যর্থতার ফলই রোগ—এটাই রোগ সম্পর্কে আদি ধারণা। প্রাকৃতিক নিয়ম ভাঙার কারণে, আংশিকভাবে এটা সত্য যে, অসুস্থতা অন্য কোনো দুর্ভাগ্যের চেয়ে বরং প্রায়ই একটা অপরাধবোধ সঙ্গে করে নিয়ে আসে। যদিও রোগী তার ভুলগুলো চিহ্নিত করতে পারেন না, তিনি সম্ভবত লজ্জায় অবচেতন মনে অনুভব করেন যে, এটা তার ভাগ্যের ফল। স্যামুয়েল বাটলারের কল্পরাজ্যে (Erewhon) রোগকে বলা হয়েছে সমাজের বিরুদ্ধে পাপ এবং ফুসফুসে যক্ষ্মা আক্রান্ত হওয়ার কারণে কোর্টে একজন রোগী সাজাপ্রাপ্ত হয়েছিলেন। অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতকের প্রথমে রুশো এবং তার অনুসারীদের এই নিষ্পাপ বিশ্বাসে চালিত করেছিল যে, সভ্য মানুষের শারীরিক কুশল এবং আদর্শ মানুষের মানসিক উৎকর্ষ প্রাকৃতিক নিয়মকানুনের মধ্যে বসবাস করার ফল। রোমান্টিক আবেদন সত্ত্বেও, কোনো ইঙ্গিত নেই যে, সাহিত্য মানুষের স্বভাবের পরিবর্তন করতে এবং আধুনিক ইউরোপিয়ানদের প্রকৃতির সন্তান হিসেবে পুনঃরূপান্তর করতে কোনো প্রভাব ফেলেছিল। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, সাহিত্য একটা বুদ্ধিবৃত্তিক আবহাওয়া প্রতিপালন করে। এই পরিবেশ, আলোকময়তার দার্শনিকদের এবং যারা তাকে অনুসরণ করে, তাদের প্রায়োগিক সেই স্বাস্থ্যবিধিকে হিপোক্রেটাসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি থেকে সামাজিক স্তরে পৌঁছাতে সাহায্য করেছিল সাহিত্য। এ মনোভাব থেকে উদ্ভূত সামাজিক সংস্কার স্বাস্থ্য সমস্যার সমাধানে আংশিক অবদান রেখেছিল ঊনবিংশ শতাব্দীর ইউরোপে।
শিল্প বিপ্লব উত্তর সৃষ্ট ফ্যাক্টরি এবং বস্তিতে দৃশ্যমান সামষ্টিক বা দলগত রোগবালাইয়ের কারণে স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় ব্যক্তি থেকে সামাজিক দৃষ্টিকোণের দিকে স্থানান্তর প্রক্রিয়া গতিবেগ প্রাপ্ত হয়। ঊনবিংশ শতাব্দীতে ভিড়ের রোগের (crowd disease) প্রাদুর্ভাব সামাজিক দৃষ্টিকোণ সৃষ্টিতে অবদান রেখেছিল। সম্ভবত শিল্পপতিদের মাঝে কিছু বুঝ এসেছিল যে, তাদের শিল্পে পর্যাপ্ত দক্ষ শ্রমিক সরবরাহের জন্য শ্রমিক এবং তাদের পরিবারের রোগবালাই নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। আরও প্রভাবশালী অনুপ্রেরণা, যা একজন আশা করতে পারে তা ছিল শক্তিশালী মানবিক অনুভূতি, যা জনস্বাস্থ্যের ক্ষেত্রে সামাজিক দার্শনিকদের এবং তথাকথিত কল্পনাবাদী যেমন রবার্ট ওয়েন (Robert Owen), সাইন্ট সিমন (Saint-simon) এবং ফউরিয়ারদের (Fourier) মধ্যে প্রতিভাত হয়েছিল। রোগের সমস্যায় অনেক চিকিৎসক তাদের দৃষ্টি ফিরিয়ে নিয়েছিলেন শ্রমিক শ্রেণির দিকে, যেখানে চিকিৎসার আগ্রহের চেয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে এ প্রেষণা; এদের মধ্যে প্রথমেই আসে ইতালির বারনারডিনো রমাজ্জিনি, ১৭০০ সালে প্রকাশিত তার Treatise on Disease of Tradesmen প্রবন্ধ। জোহান পিটার ফ্রাঙ্ক ওই শতাব্দী শেষে তার লেখা মোটা বই Medi“inische Poli“ei তে বলেন জনগণের স্বাস্থ্যের জন্য রাষ্ট্রই দায়ী। ফ্রান্সে ভিলার্মি তুলার মিলের বিদ্যমান নারকীয় অবস্থার লেখচিত্র আঁকেন, যেখানে বর্ণিত হয় শিল্পের অস্বাস্থ্যকর কাজ এবং পরিবেশের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যের ওপর ক্ষতির কথা। জে জে ভাইরে প্রকৃতি, সামাজিক, রাজনৈতিক এবং নৈতিকতার অবস্থার প্রেক্ষাপটে নানা স্বাস্থ্য সমস্যার সম্পর্কের আলোকে ‘Philosophical Hygiene’ নামক লেখা নিবেদন করেছিলেন।
রুডলফ ভারকো এক্ষেত্রে বিশেষভাবে উল্লিখিত হওয়ার দাবি করতে পারেন, যেহেতু চিকিৎসাবিজ্ঞান এবং জীববিজ্ঞানের অনেক গবেষণার পরীক্ষক, বিজ্ঞানী এবং লেখক হিসেবে তার ছিল গভীর প্রজ্ঞা। ছাত্রজীবনে ভারকো জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক দর্শনে প্রভাবিত হয়েছিলেন। তিনি ১৮৪৭ সালে ২৬ বছর বয়সে আপার সিলেসিয়ার শিল্প সমৃদ্ধ জেলাগুলোয় বিস্তৃত মহামারি অধ্যয়নের জন্য প্রুসিয়ান সরকার দ্বারা গঠিত কমিশনের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ছোট্ট একটি রিপোর্টে ভারকো মহামারির উৎপত্তি হিসাবে বিরূপ আবহাওয়ার পরিস্থিতিকে দায়ী করেন। ভারী বৃষ্টিপাত বছরের ফসল ধ্বংস করে দেয়, ফলশ্রুতিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অধিকন্তু পরবর্তী শীত ছিল অত্যন্ত গুরুতর, যা দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুধার্ত এবং শীতার্ত অবস্থায় একসঙ্গে তাদের ঘরে অবস্থান নিতে বাধ্য করেছিল। এর ফলে টাইফাস রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, প্রথমে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দ্রুত ছড়িয়ে যায় এবং অবশেষে ধনিকশ্রেণির মধ্যেও পৌঁছে যায়। সিলেসিয়াতে তার অভিজ্ঞতা ১৮৪৮ সালে ভারকো সাহেবকে নতুন সাময়িক পত্রিকা ‘Medizinische Reform’ লেখায় প্রভাবিত করে। আলোকময়তার যুগের দার্শনিকদের দ্বারা অনুপ্রাণিত ফরাসি পূর্বসূরিদের মতই এখানে তিনি স্বীকৃতি দেন যে, দারিদ্র্য রোগের জন্মদাতা এবং সমাজের পুনর্গঠন সহায়তা চিকিৎসকদের দায়িত্ব, যেটা সমাজকে পুনর্গঠন এমন আদর্শে করবে, যা মানুষের স্বাস্থ্যের জন্য সহায়ক। তার ভাষায় ‘মহামারি একটি বড় সতর্কতার ন্যায়, যেখান থেকে একজন রাষ্ট্রনায়ক ভালোভাবে বুঝতে পারেন যে, তার জনগণের উন্নয়নের মাঝে বড় কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা এমনকি একটি উদ্বেগহীন নীতির ক্ষেত্রেও দীর্ঘ উপেক্ষা করা যায় না।’ এভাবে ভারকোর মতে, একজন ব্যক্তির চিকিৎসা, চিকিৎসাবিজ্ঞানের খুবই ছোট একটি দিক। আরও বেশি গুরুত্বপূর্ণ হলো জনাকীর্ণতার রোগ Crowd disease নিয়ন্ত্রণ, যেটা সামাজিক এবং যদি প্রয়োজন হয় রাজনৈতিক হস্তক্ষেপ দাবি করে। এভাবে চিকিৎসা বিজ্ঞান হলো একটি সমাজবিজ্ঞান।
শক্তিশালী যৌক্তিক এবং সামাজিক ভিত্তি থাকা সত্ত্বেও ঊনবিংশ শতকে প্রথম দিকে ফ্রান্স এবং জার্মানিতে স্বাস্থ্য আন্দোলন ব্যবহারিক সংস্কারের পথে অকার্যকর ছিল। এ ব্যর্থতার জন্য আংশিকভাবে এই সত্যকে দায়ী করা যায় যে, ফরাসি এবং জার্মান দার্শনিক এবং চিকিৎসকদের মোটাদাগে লক্ষ্য ছিল রাজনৈতিক, কাজেই বৈপ্লবিক কর্ম ছাড়া সেখানে ব্যবহারিক সংস্কারে পৌঁছা কঠিন ছিল। তা ছাড়া জনগণের কাছে তাদের মতবাদগুলো কিছুটা বিমূর্ত কথায় উপস্থাপন করা হয়েছিল এবং সহজে বোধগম্য হবে তেমন বাস্তবভাবে কোনো বার্তা দেওয়া হয়নি। বিপরীতে ইংল্যান্ডে নেতৃত্ব নিয়েছিলেন প্রায়োগিক বুদ্ধি সম্পন্ন বাস্তববাদী মানুষ, যারা একটি সফল সূত্র বের করতে পেরেছিলেন, যা প্রাথমিক আবেগের প্রতি আবেদন রেখেছিল এবং প্রত্যেকের কাছে অর্থবহ ছিল।
ইংল্যান্ডই প্রথম এবং বৃহত্তম পরিসরে সমৃদ্ধি দেখেছিল; কিন্তু সেইসঙ্গে শিল্পবিপ্লবের প্রথম দশায় সঙ্গে সঙ্গে চলা মানুষের মূল্যবোধের ভয়াবহ ধ্বংস সম্পর্কেও তারা অবহিত ছিল। সেইসঙ্গে চিকিৎসকরা অনুধাবন করতে ব্যর্থ হয়নি যে, রোগ এবং শারীরিক দুর্বলতা দরিদ্র শ্রেণির মাঝে সবচেয়ে বেশি। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের অবস্থা সংক্রান্ত লেখায় এঙ্গেলস্ বর্ণনা করেন ‘ফ্যাকাশে, কৃশকায়, সরু বক্ষ, কোটরাগত চক্ষুর ভূতেরা যক্ষ্মায় স্ফীত লসিকা গ্রন্থি এবং রিকেটকে সঙ্গে নিয়ে প্রেতাত্মার ন্যায় হেয়ালি করে ম্যানচেস্টার এবং অন্যান্য শিল্প শহরের রাস্তায় বিচরণ করত। আলোকময়তার যুগের দার্শনিকের দেখা স্বপ্নের রাজ্যের ন্যায় যদি কখনো মানুষ এমন পরিবেশে বসবাস করে, যা প্রকৃতি থেকে সম্পূর্ণ দূরে, তা হবে ১৮৩০-এর দিকের ইংলিশ সর্বহারারা।’ চিকিৎসক সাউথউড স্মিথ এবং ইঞ্জিনিয়ার এডউইন চ্যাডউইক দ্বারা নির্দেশিত জনবান্ধব কিছু নাগরিক দলের কাছে প্রতীয়মান হয়েছিল যে, রোগ সবসময় অভাব, ময়লা এবং দূষণের অনুষঙ্গী; স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায় শুধু বাতাস, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার এবং মনোরম পরিবেশের ভিড়ে।
স্বাস্থ্য সংক্রান্ত এই সহজ-সরল ধারণাগুলো সংশ্লেষিত হয় শহর সমিতির স্বাস্থ্য আন্দোলনে, যা আজকের দিনের বিশ্বব্যাপী স্বেচ্ছায় স্বাস্থ্য সমিতির আদিরূপ। এর লক্ষ্য ছিল ‘রোগের বিকল্প স্বাস্থ্য, ময়লার বিকল্প পরিচ্ছন্নতা, বিশৃঙ্খলার বিকল্প শৃঙ্খলা...উপশমের বিকল্প প্রতিরোধ...অজ্ঞ স্বার্থপরতার বিকল্প আলোকিত পরার্থপরতা এবং সবচেয়ে দরিদ্রের বাড়িতে নিয়ে আসুন বিশুদ্ধতা এবং প্রাচুর্য; যে বাড়িতে অজ্ঞতা ও অবহেলায় দীর্ঘদিন যৌথভাবে সহজ আশীর্বাদ হিসেবে পাওয়া বাতাস, পানি এবং আলো সীমিত অথবা নষ্ট ছিল। সমিতি একটি শিক্ষা কার্যক্রম জনকল্যাণের জন্য সব স্তরে গ্রহণ করেছিল, যা ছিল বাসস্থানের এবং পারিপার্শ্বিক পরিবেশে আকর্ষণীয়তা বৃদ্ধির প্রস্তাব এবং এর লক্ষ্যগুলোর একটি পূরণে এতদূর গিয়েছিল যে, জনগণের আনন্দ উল্লাসের জন্য বড় শহরগুলোর রাস্তাসমূহ খোলা রেখেছিল। বিশুদ্ধ বাতাসের নিরাময় সক্ষমতার ওপর বিশ্বাস, রোগের জীবাণুতত্ত্বের প্রতি অবজ্ঞা, ক্রিমিয়ার যুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাসপাতাল স্যানিটেশন এ সংস্কারের ভিত্তি ছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লিখেছিলেন, ‘নির্দিষ্ট কোনো রোগ নাই—নির্দিষ্ট রোগাবস্থা আছে।’
যেহেতু ১৯০০ সালের পর রোগের মৃত্যুহার কমে যাওয়ায় সবার কাছে স্পষ্ট হয়ে উঠে তাই, বিজ্ঞানসম্মত ওষুধ এবং বিশেষ করে রোগের জীবাণুতত্ত্বকে জনগণের সাধারণ স্বাস্থ্যের উন্নয়নের সব ক্রেডিট দেওয়া হয়। বর্তমান প্রজন্ম আরও আগ বাড়িয়ে এখন বিশ্বাস করে যে, জীবাণুবিরোধী ওষুধের ব্যাপক ব্যবহারের সময় থেকেই সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আসে, ‘হায় চিকিৎসাশাস্ত্রের স্মৃতি এত স্বল্প!’ সত্যিকার অর্থে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় অন্য অনেক সংক্রামক রোগের মৃত্যু, চিকিৎসার নির্দিষ্ট পদ্ধতি ও উপায় আবিষ্কারের অনেক পূর্বেই কমা শুরু হয়েছিল, প্রকৃতপক্ষে এই মৃত্যু কমা শুরু হয়েছিল রোগের জীবাণুতত্ত্বের আবিষ্কারের পূর্বেই।
সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ক্রম উন্নয়ন সম্পর্কে লেখার জন্য অনেক পরিসংখ্যানগত তথ্য পাওয়া যায়, কিন্তু দুটি উদাহরণ যথেষ্ট। ইউরোপ এবং উত্তর আমেরিকায় যক্ষ্মাজনিত মৃত্যু নিরন্তর এবং অবিচলিত ভাবে কমে আসছিল ঊনবিংশ শতাব্দীর মধ্য ভাগ থেকে। ১৮৪৫ সালে উচ্চমাত্রা, তথা প্রায় প্রতি লাখে ৫০০ যক্ষ্মাজনিত মৃত্যু থেকে ওই শতাব্দী শেষে ২০০-তে নেমে আসে এবং ১৯৪৫ সালে যক্ষ্মাজনিত মৃত্যু হার দাঁড়ায় ৫০ জন প্রতি লাখে, ১০ গুণ কম। যদিও ওই সময়ে ওষুধ দ্বারা যক্ষ্মার চিকিৎসা ছিল না, টিকার অনুশীলন ছিল না, খুবই স্বল্প চিকিৎসা পদ্ধতি পাওয়া যেত, তার কার্যকারিতা ছিল সীমাবদ্ধ এবং ওই সব চিকিৎসা খুবই কম যক্ষ্মা রোগীদের মাঝে পৌঁছাতে পেরেছিল। দ্বিতীয়ত হামের তীব্রতার কমতি সমানভাবে চমকপ্রদ ছবি উপস্থাপন করে। তখন টিকার কোনো পদ্ধতি ছিল না, কোনো ওষুধ ছিল না, এমন কোনো চিকিৎসার উপায় তখনো জানা ছিল না, যা দিয়ে হামকে মোকাবিলা করা যায়। তবুও সঞ্চিত পুরোনো জ্ঞান, অভিজ্ঞ চিকিৎসকদের পরিসংখ্যানগত তথ্যে নিশ্চিত হওয়া যায় যে, রোগটি অল্প কয়েক দশক আগের চেয়ে অনেক কম পরিমাণে সমস্যাদায়ক।
পরিষ্কারভাবে সংক্রমণের বিকট মূর্তি কমে শুধু ওই রোগের একটি ছায়ায় রূপান্তরিত হতে পারে, যদি ইত্যবসরে বিজ্ঞানভিত্তিক ওষুধ যৌক্তিক এবং সুনির্দিষ্ট পন্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মহামারি রোগ বিজয়ের অনেকাংশই বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাসের জন্য প্রচারণার ফল এবং এগুলো শুধু বৈজ্ঞানিক মতবাদ নির্ভর ছিল না, ছিল দার্শনিক বিশ্বাস। শিল্পবিপ্লবের সামাজিক কুফলগুলোর মূলোৎপাটনের জন্য উৎসর্গকৃত মানবিক আন্দোলন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনের সব ভালো দিকের পুনরুদ্ধারের মধ্য দিয়ে পাশ্চাত্যের মানুষের, প্রথম দিকের শৃঙ্খলাহীন জীবন এবং নির্মম শিল্পায়নের ফলে সৃষ্ট কিছু কিছু রোগের সমস্যা নিয়ন্ত্রণে সফল হয়েছিল।
অনুবাদক: ডিন, ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্সেস, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি; উপদেষ্টা, সেন্টার ফর পলিসি অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিপিইআর)।
প্রথম প্রকাশ: কালবেলা, ২ নভেম্বর ২০২৬। অনুমতিক্রমে পুনঃপ্রকাশিত।
Op-eds reflect the views of their authors and do not necessarily reflect those of CPER.